শেরপুরের নকলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় পার্টনার প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। স্বাগত বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, উপজেলা সমবায় কর্মকর্তা নওশেদুজ্জামান, কৈয়াকুড়ি নামাপাড়া পার্টনার ফিল্ড স্কুলের চেয়ারম্যান্যান আব্দুস সেলিম, ধনাকুশা পূর্বপাড়া পার্টনার ফিল্ড স্কুলের চেয়ারম্যান সোহেল রানা, কৃষক মনিরুল ইসলাম প্রমুখ।

পার্টনার কংগ্রেস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে কৃষির উচ্চ প্রযুক্তি নির্ভর ৪টি স্টল স্থাপন করা হয়। এছাড়া নাটিকা ও কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত পিএফএস (পার্টনার ফিল্ড স্কুল) এর কৃষক এবং নন পিএফএস কৃষকদের মাঝে কৃষি বিষয়ক অভিজ্ঞতা, সফলতা, উদ্যোক্তা হতে করণীয় এবং কৃষিপ্রযুক্তি বিষয়ক মতামত একে অপরের কাছে শেয়ার করে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস ঘটানো হয়।




