ধর্ষণ মামলায় গ্রেফতার গায়ক মাঈনুল আহসান নোবেল জামিনে কারামুক্ত হয়েছেন। ২৫ জুন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

জামিনের খবর পেয়ে নোবেলকে তার নবাগত স্ত্রী প্রিয়া নিতে আসেন। পরে কারামুক্তির পর তারা একসঙ্গে মোটরসাইকেলে কারা চত্বরে কিছুক্ষণ ঘুরে বেড়ান। ওইসময় উভয়কে হাসিখুশি দেখা যায়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম বলেন, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ সকাল সাড়ে ৯টার দিকে নোবেলকে মুক্তি দেওয়া হয়েছে।

গত ২০ মে থেকে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন গায়ক নোবেল। সেদিন নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন, যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন, তিনি তার স্ত্রী।
তিনি ধর্ষণ করেননি। ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে কাবিননামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসীম উদ্দিন।
ওই নারীকে ৭ মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয় নোবেলের বিরুদ্ধে। পরবর্তী সময় ১৯ জুন উভয়ের সম্মতি সাপেক্ষে তাদের বিয়ে সম্পন্ন করে আদালতকে অবগত করার জন্য নির্দেশ দেওয়া হয় কারা কর্তৃপক্ষকে।
সেদিনই কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ওইসময় নোবেল ও সেই নারী এবং ২ জনের পক্ষ থেকে ৪ জন সাক্ষী উপস্থিত ছিলেন।




