শেরপুরে জেলা পুলিশের আয়োজনে অফিসার-ফোর্স ও সিভিল স্টাফদের বিবিধ কল্যাণ সাধনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল সোমবার সকালে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ওই কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

সভায় প্রধান অতিথি জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শোনেন ও সেসকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। একইসাথে তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা বজায় রাখা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, জনসাধারণের সাথে ভালো ব্যবহার করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান ও পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান করেন এবং বাস্তবায়ন নিশ্চিত করার জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ, পরিদর্শক (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

এর আগে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শেরপুর পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।









