শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৭ জনকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এদের মধ্যে এক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৩ মার্চ সোমবার পৃথক পৃথক অভিযানে এসব জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায়, নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে একটি চক্র দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। সোমবার বিকেলে উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভোগাই নদী থেকে বালু উত্তোলন ও বালু পরিবহনের অপরাধে ১৫টি বালুবাহী ট্রাক আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১৫ জনকে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আনিসুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া শ্রীবরদী উপজেলার ঢেউফা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোন্তাজ আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভ্রাম্যমাণ আদালতে বাঁধা দেওয়ার অভিযোগে শেখ সাদী সুমন নামে এক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বিজিবি ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।




