পবিত্র শবে বরাত রাত উপলক্ষে বেশকিছু নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরমধ্যে আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শব-ই-বরাত উদযাপিত হবে। শব-ই-বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো।




