‘বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং কিশোর গ্যাংসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকল্পে সদর থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সদর থানাধীন কুসুমহাটি বাজার সংলগ্ন লছমনপুর ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত ওই বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

সভার শুরুতে পুলিশ সুপার থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে উন্মুক্ত আলোচনা শুনেন। পরে পুলিশ সুপার তার বক্তব্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহসহ সমাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে উন্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্বস্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই বিট পুলিশিং সমাবেশ বলে তিনি উল্লেখ করেন। এছাড়া যে কোনো ধরনের অপরাধের তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুবায়দুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ, সমাজসেবক শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজুয়ান প্রমুখ।

ওইসময় বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




