শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ জানুয়ারি বুধবার সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়।

পরে দুপুরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ, সিনিয়র সহ-সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শারদুল ইসলাম মুরাদ, শহর ছাত্রদলের আহ্বায়ক মো. রিয়াদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হঠানোর আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এছাড়া দেশের যেকোন দুর্যোগে এগিয়ে এসেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। ভবিষ্যতেও ছাত্রদলের নেতা-কর্মীরা দেশের যেকোন দুর্যোগ-আন্দোলনে অংশ নেবে।

পরে জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলের নেতৃত্বে বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের আয়োজনে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এদিকে সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন আহমেদ ও শহর ছাত্রদলের সদস্য সচিব খালেদুজ্জামান সিদ্দিকী আসিফের নেতৃত্বে শহরের নিউমার্কেট চত্বর থেকে পৃথক আরও একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।




