শেরপুরের নকলা উপজেলা সদরে অবস্থিত নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষ ওইসবের আয়োজন করে।

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি মো. উমর ফারুক। আরও বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য জাহিদ হোসেন বাদশা, মহিউদ্দিন মোক্তার, হুমায়ুন কবির ফিরোজ, স্থানীয় রাবেয়া উমেদ আলী ফাউন্ডেশনের পরিচালক শামীমা নাসরিন রুমি খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং সর্বোচ্চ নম্বর অর্জনকারী ৩ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

এছাড়া রাবেয়া উমেদ আলী ফাউন্ডেশন এবং স্থানীয় ইকরা বুক ডিপো’র পক্ষ থেকে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী ৩ জনকে ক্রেস্ট, স্থানীয় খালেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ এবং সর্বোচ্চ নম্বর অর্জনকারী একজনকে গজেন্দ্র কুমার বণিক স্মৃতি স্মারক প্রদান করা হয়।
পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথি এবং বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদেরও। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




