শেরপুরের ঝিনাইগাতীতে ৬০ বোতল ভারতীয় মদসহ খোরশেদ আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে উপজেলার গৌরিপুর ইউনিয়নের তালতলা (দুধনই) এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত খোরশেদ আলম দুধনই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দুধনই এলাকায় খোরশেদ আলমের নেতৃত্বে কতিপয় মাদক কারবারি মাদক পাচার করছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশনায় ওই অভিযান পরিচালনা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
ওইসময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে মাদকপাচারকারিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ পুলিশের হাতে আটক হয় খোরশেদ আলম। ওইসময় আরও ৩ মাদক পাচারকারী পালিয়ে যায়। আটককৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা। ওই ঘটনয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




