শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামুল্যে ধান ও সরিষা বীজ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটির (কেএফএইচ) উদ্যোগে ৯ নভেম্বর শনিবার দিনব্যাপী উপজেলার আন্ধারুপাড়া ও আটভাইপাড়া এলাকায় ওইসব সামগ্রী বিতরণ করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন কেএফএইচ’র চেয়ারম্যান কৃষিবিদ মুহাম্মদ সামছুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য শামীমা মিলি, রফিকুল ইসলাম চৌধুরী রিপন, মো. শহিদুল ইসলাম, সদস্য ড. মুহাম্মদ ইসহাক আলী, সেবক ফাউন্ডেশনের সভাপতি কৃষিবিদ সাজ্জাত হোসেন তুলিপ প্রমুখ।
এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন দরিদ্র অসহায় কৃষকের মাঝে মোট ১৫০ কেজি বারি-১৪ জাতের সরিষা বীজ, ১০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে ব্রি-৮৯ জাতের ধান বীজ ও ২০০ জন স্কুলপড়ুয়া শিক্ষার্থীকে ১টি করে স্কুল ব্যাগ, খাতা কলম, পেন্সিল ও খাবার জুস বিতরণ করা হয়।




