শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় হত্যা মামলার আসামী সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম তোতাকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ৩০ অক্টোবর বুধবার সন্ধ্যায় উপজেলার তিনানী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

নুরুল ইসলাম তোতা ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মালিঝিকান্দা দেবোত্তরপাড়া গ্রামের মৃত গনি সরকারের ছেলে।
র্যাব-১৪ সিপিসি ১ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: আব্দুল হাই চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৪ আগস্ট শেরপুর শহরের খরমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মো. মাহবুব আলম নিহত হন। এ ঘটনায় নিহতের মা মাফুজা খাতুন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার আসামি নুরুল ইসলাম তোতাকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করে র্যাব। তাকে বৃহস্পতিবার সকালে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ওই মামলায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানায় র্যাব।




