শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ডের অপসারণের দাবিকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়েছে বিএনপি। এতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির দুইটি অংশ।

গত সোমবার ইউএনও, এসিল্যান্ডের অপসারন চেয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমীনের নেতৃত্বে বিএনপির একটি অংশের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২ টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও শহর বিএনপির আরেকটি অংশ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
এর আগে গত সোমবার সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির একাংশের সংবাদ সম্মেলনে সাবেক আহ্বায়ক নুরুল আমীন বলেন, বিএনপির কর্মসূচীকে বন্ধ করতেই মিথ্যাচার করে ইউএনও নালিতাবাড়ীতে ১৪৪ ধারা জারি করেছিলো। এছাড়াও ৫ আগষ্টের পর বিএনপির কিছু নেতা চাঁদাবাজি করে গাড়ীর মালিক হয়ে গেছেন বকেও অভিযোগ করেন তিনি। সেইসাথে হত্যা মামলার চারজন আসামী (ইউপি চেয়ারম্যান) নিয়ে সমন্বয় সভা করায় এবং মিথ্যাচার করে ১৪৪ ধারা জারির অভিযোগ এনে ইউএনও,এসিল্যান্ডের অপসারনের দাবিও জানানো হয়।

এদিকে বিএনপি নেতা নুরুল আমীনের বক্তব্যকে ভারসাম্যহীন, মিথ্যা ও বানোয়াট দাবি করে বুধবার দুপুরে স্থানীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও শহর বিএনপির আরেকটি অংশ এবং অঙ্গ-সংগঠন।
নালিতাবাড়ী শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া, আইয়ুব আলী সরকার,শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, মানিক মিয়া, উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া মাকছিম, শ্রমিক দলের সভাপতি সামাদ,ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার প্রমুখ।
লিখিত বক্তব্যে বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন বলেন, হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবি আমরাও জানাই। তবে তা আইনিভাবে যথাযথ প্রক্রিয়ায়। গত সোমবার বিএনপির কোন কর্মসূচী ছিলো বলে আমাদের জানা নেই। তাই ইউএনও, এসিল্যান্ডের অপসারণ দাবিটি নুরুল আমীন সাহেবের ব্যক্তিগত অভিমত। এতে বিএনপির কোন সম্পৃক্ততা নেই। আমরা উপজেলা ও শহর বিএনপিসহ সকল অঙ্গসংগঠন একত্রিত হয়ে আজ তা স্পষ্টভাবে জানাচ্ছি।
তিনি আরও বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে নুরুল আমীন সাহেবের আনা চাঁদাবাজির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিএনপির যারা গাড়ীর মালিক আছেন তাদের পারিবারিক ও ব্যক্তি সামর্থ্য রয়েছে। আমরা সরকার ও প্রসশাসনের পাশে থেকে সহায়তাযোগিতার হাত প্রসারিত করতে চাই।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমীন বলেন, দলের নেতা-কর্মীদের সাথে কথা বলেই গত সোমবার আমাদের কর্মসূচী দেওয়া হয়েছিলো। যা বন্ধ করতেই ইউএনও ১৪৪ ধারা জারি করেছিল। আমরা অবশ্যই ইউএনও এবং এসিল্যান্ডের অপসারণ চাই। ইউএনও, এসিল্যান্ডের কাছ থেকে ফায়দা নিতেই বিএনপির কিছু নেতা আজ সংবাদ সম্মেলন করেছে।




