শেরপুরে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য, নগদ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওইসময় ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ৩০ অক্টোবর বুধবার দুপুরে সদর উপজেলার মুন্সীরচর পশ্চিমপাড়া গ্রামে ওই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন সদর উপজেলার মুন্সীরচর পশ্চিমপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার স্ত্রী কাকলী বেগম (৩২) ও তার শ্যালিকা জামালপুরের সরিষাবাড়ীর কাবিল মিয়ার মেয়ে মোছা. কাকন (২৮)। পরে বিকেলে শহরের খরমপুরস্থ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ওইসব তথ্য জানানো হয়।
সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা দুইটার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পশ্চিমপাড়া এলাকার মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। ওইসময় তার ঘরে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪৬০ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইনসহ মদ ও বিয়ার উদ্ধার করা হয়। একইসাথে দেশীয় ধারালো অস্ত্র ও মাদক বিক্রির নগদ সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। ওইসময় মাদক ব্যবসায়ী বাবুলের স্ত্রী কাকলী বেগম ও তার শ্যালিকা মোছা. কাকনকে গ্রেফতার করা হয়। তবে কৌশলে আগেই পালিয়ে যায় বাবুল মিয়া। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা।

ওই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর জেলা ক্যাম্প কমান্ডার মেজর তাউসিফ বিন হাসান, ক্যাপ্টেন মো. নাহিয়ান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




