শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সাপ্লাই চেইন তদারকিতে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দের নিয়মিত বাজার অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর সোমবার সদর উপজেলার ব্রিজপাড়, নয়ানী বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ কোল্ড স্টোরেজে বিশেষ টাস্কফোর্স কমিটি সরেজমিনে পরিদর্শন করেন।

তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম পরিচালিত অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারায় হাশেম স্টোর ও ভাই ভাই ট্রেডার্স নামে ২টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
তদারকিকালে চাল, ডাল, ডিম, কাঁচা মরিচ, তেল, পেঁয়াজ, সবজি, মাছ বাজার, মাংসের দোকান, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির পাইকারি ও খুচরা মূল্য যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফায় বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের মজুতদারির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। তাছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ে যাতে ন্যূনতম দামের পার্থক্য থাকে এবং দ্রব্যাদির মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে ‘বিশেষ টাস্কফোর্স’ সার্বিকভাবে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করে।

তদারকিকালে দেখা যায়, শেরপুর জেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সাপ্লাই চেইন স্বাভাবিক রয়েছে। এসময় ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।
এছাড়া এদিন বিসিক শিল্প নগরীতে অবস্থিত তাজ কোল্ড স্টোরেজের আলুর মজুদ পরিস্থিতি যাচাই করা হয়।




