শেরপুরের নালিতাবাড়ীতে গারো পাহাড়ের গোপ থেকে গভীর গর্ত করে অবৈধভাবে সাদা বালু উত্তোলনের অভিযোগে হাবিবুর রহমান হাবি (৪২) নামে এক বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২১ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোর্পাকের পূর্ব পাশে বুরুঙ্গা কালাপানি এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে সাদা বালু উত্তোলন করে আসছিল নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোর্পাকের পূর্ব পাশে বুরুঙ্গা কালাপানি এলাকায় হাবিবুর রহমান হাবি নামের এক বালু ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
এ সময় ওই ব্যবসায়ীকে অবৈধভাবে সাদা বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার পোড়াগাঁও ও নয়াবিল ইউনিয়নের কয়েকটি স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৬ টি মিনি ড্রেজার মেশিনসহ ৩০/৪০ টি পাইপ ভেঙে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষায় অবৈধভাবে সাদা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




