শেরপুরে নিখোঁজের দুইদিন পর একটি ধান ক্ষেত থেকে এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামের একটি ধান ক্ষেত এ লাশ উদ্ধার করা হয়। নিহত মো. আক্তার হোসেন (৩২) ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে অটোরিকশা চালক আইয়ুব আলী শেরপুরসদর উপজেলার ইলশা গ্রামের বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনেরা তার সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে এলাকার কয়েকজন ইলশা গ্রামের একটি ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ওই ক্ষেতের ভেতরে গিয়ে তারা অর্ধগলিত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনসার আলী বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




