বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তিনি ১০ অক্টোবর বৃহস্পতিবার সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ছোট মালিঝিকান্দা এলাকায় ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণকালে ওই কথা বলেন।

তিনি বলেন, এখানে সরকারী ত্রাণ অপ্রতুল। ক্ষতিগ্রস্ত মানুষদেরকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়ার এবং ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পূনঃনির্মাণ করতে সহযোগিতা প্রদান, ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রিজ, কালভার্ট, বাধ সংস্কার করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিগত ১৬ বছর নানা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন দলীয় নেতা-কর্মীরা। করোনাকালীন সময়েও তারেক রহমানের নির্দেশে বিএনপি অসহায় মানুষের পাশে ছিল। এখনও দল ক্ষমতায় নেই। ক্ষমতায় গেলে মানুষের সব ধরনের সহযোগিতায় বিএনপি পাশে থাকবে।
মাহমুদুল হক রুবেল বলেন, জেলায় এবারের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের ৫ হাজার বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। পাশাপাশি ৪ হাজার মানুষের মাঝে ২ লাখ টাকা দেওয়া হয়েছে।

এর আগে ধানশাইল ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। ত্রাণ বিতরণকালে ড্যাবের সিনিয়র সহসভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যকরী সদস্য ডা. আব্দুস সেলিম, ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. মেহবুবুল কাদির, জিয়াউর রহমান ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর প্রকৌশলী তৌহিদুর রহমান, জেলা বিএনপি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রাকিব জামান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ সাদেক, ডা. হিমেল, ডা. অংকুর, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন দুর্গতদের মাঝে চাল, মুড়ি, চিড়া, গুড়, তেল, পেঁয়াজ, আলু, স্যালাইন, গ্যাসলাইট, মোমবাতি, ও শিশুখাদ্যসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।




