শেরপুর জেলা কারাগার থেকে লুট হওয়া কারারক্ষীদের ব্যবহৃত একটি চাইনিজ ৭.৬২ এমএম রাইফেল উদ্ধার করা হয়েছে। ১০ আগস্ট শনিবার রাতে সদর উপজেলা পরিষদের গেইটের পাশের ময়লার স্তুপ থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়।

জানা গেছে, শেরপুর জেলা আনসার ভিডিপির সদস্যরা সদর উপজেলা পরিষদ গেইটের পাশে ময়লা আবর্জনা স্তুপ থেকে বস্তায় মোড়ানো অবস্থায় একটি অস্ত্র পড়ে রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি চাইনিজ ৭.৬২ এমএম রাইফেলটি উদ্ধার করে।
পরে ১১ আগস্ট রবিবার দুপুরে উদ্ধারকৃত রাইফেলটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট এক সহিংসতায় দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে অগ্নিসংযোগ করে ভাঙচুর ও লুটপাট করে। ওই সহিংসতার সময় শেরপুর জেলা কারাগার থেকে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী অস্ত্র লুটপাট করে নিয়ে যায়।




