শেরপুর শহরে ট্রাকচাপায় হুমায়ুন কবীর নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন জামালপুর জেলা সদরের রণরামপুর গ্রামের হযরত আলীর ছেলে। তিনি শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে ওই ঘটনায় ওই ঘটনায় আহত হয়েছেন রফিকুল ইসলাম নামে মোটরসাইকেলের চালক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝিনাইগাতী উপজেলা থেকে পল্লী বিদ্যুতের দুজন কর্মচারী মোটরসাইকেলযোগে শেরপুর আসছিলেন। এ সময় শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এলে বালুবাহী একটি ড্রামট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনের চাকার নিচে চলে যায়। এ সময় ঘটনাস্থলে আরোহী হুমায়ুন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন এবং চালক রফিকুল ইসলাম আহত হন।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেল্পার কৌশলে পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।




