সারাদেশের মতো শেরপুরেও তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপদাহ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে তওবা, ইসতিসকার নামাজ ও দোয়া আদায় করেছেন জেলার মুসলমানরা। ওইসময় হাজারও মুসল্লি নামাজে অংশ নেন।

৩০ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় শহরের পৌর ঈদগাহ মাঠে এ ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ।
নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা নেতা মুফতি রফিকুল ইসলাম, ইদ্রিসিয়া মাদরাসার অধ্যক্ষ মো. ফজলুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, তেরাবাজার সিদ্দিকিয়া জামিয়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা হযরত আলী প্রমুখ।




