৭৫ বছর পূর্তিতে বর্ণিলভাবে সাজানো হয়েছে পুরো বিদ্যালয়
পঞ্চসপ্ততির মিলনে ‘ঘরের মেয়েরা ঘরে ফিরবে’ স্লোগানকে সামনে রেখে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬১টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ১৩ এপ্রিল শনিবার। এ উপলক্ষে আগামীকাল দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন হাতে নিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। থাকছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। ইতোমধ্যে পুনর্মিলনীকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো বিদ্যালয়টিকে সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়।বিদ্যালয়ের ভেতরে তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ, মাঠে টানানো হয়েছে সামিয়ানা। তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ফটোবুথ।

এদিকে গত বুধবার দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুনর্মিলনী উপলক্ষে গৃহীত নানা কর্মসূচি সাংবাদিকদের অবহিত করা হয়।
সংবাদ সম্মেলনে পুনর্মিলনী আয়োজক কমিটির সদস্য সাইমা আফরোজ বৃষ্টি জানান, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হলেও এসএসসি ব্যাচ শুরু হয় ১৯৬৯ সন থেকে। বর্তমানে বিদ্যালয়ের বয়স হয়েছে ৭৫ বছর। তাই আমরা এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন উপলক্ষে একটি উদ্যোগ নেয়া হলে ৬১টি ব্যাচের ৮৫০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। এ উপলক্ষে আগামী ১৩ এপ্রিল বিদ্যালয়ের প্রাঙ্গনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় রেজিস্ট্রেশন এবং বিভিন্ন উপকরণ বিতরণ। এরপর সকাল সাড়ে ৮টায় আনন্দ শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ। এরপর সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও স্মৃতিচারণ, দুপুরে মধ্যাহ্নভোজ, বেলা ৩ টায় স্বকীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৫টায় বৈকালিক নাস্তা বিরতি এবং সন্ধ্যা ৭টায় জলের গানের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ব্রডকাস্টিং টিম ডি২৪ ডিজিটাল। সম্প্রচারটি সরাসরি দেখা যাবে শেরপুরলাইভের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।
এই পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিচারপতি, চিকিৎসক, প্রকৌশলী, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক প্রাক্তন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন ছানু। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। প্রধান আলোচক থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যানি সুরাইয়া মিলোজ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও পুনর্মিলনী আয়োজক কমিটির অন্যান্য সদস্যগণসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




