শেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ মো. আফজাল হোসেন (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। ১৮ মার্চ সোমবার সন্ধ্যায় শহরের মধ্য নওহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আফজাল হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রাম মহল্লার মৃত আহাদ আলীর ছেলে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকায় অভিযান পরিচালনা করে। ওইসময় মো. আফজাল হোসেনকে আটক করে র্যাব-১৪। পরে তার কাছ থেকে ২৯৫ পিস নেশা জাতীয় ইনজেকশন (Buprenorphine Injection I.P. 2ml) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের মূল্য প্রায় ১ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা হবে।

এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী জানান, গ্রেফতারকৃত আসামিআফজাল হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ধৃত আসামিকে শেরপুর সদর থানায় সোপর্দ করে র্যাব-১৪ এর পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




