এবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ভারতীয় আদা আমদানি করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি শনিবার সকালে আমদানি করা দুই টন ভারতীয় আদাভর্তি একটি ট্রাক নাকুগাঁও স্থলবন্দরে এসে পৌঁছায়। এর আগে গত ১৫ জুলাই বিকেলে ভারত থেকে দেড় টন শুকনো মরিচের একটি চালান আসে বন্দরে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশের অন্যতম বৃহৎ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আগে ১৯টি পণ্য আমদানির অনুমোদন থাকলেও শুধু পাথর ও কয়লা আমদানির ওপর নির্ভর ছিল বন্দরটি। এবার এখানে নতুন করে আমদানিতে আরও একটি পণ্য হিসেবে যোগ হলো আদা। এ বন্দর দিয়ে ব্যবসায়ীরা প্রথমে কয়লা ও পরে পাথর আমদানি করতেন। ভারতের ওপারে আইনি জটিলতায় এ বন্দর দিয়ে কয়লা আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। মাঝেমধ্যেই নানা জটিলতাই পাথর আমদানিও বন্ধ থাকে। পাথর ও কয়লা আমদানি বন্ধ হয়ে গেলে অচল হয়ে পড়ে এ বন্দর। এতে বছরের দীর্ঘ সময় বেকার থাকতে হয় শ্রমিকদের। ব্যবসায়ীরাও অলস হয়ে পড়ে। তাই বহুদিন ধরেই সব ধরনের পন্য আমদানি রপ্তানির দাবি করে আসছেন তারা। বর্তমানে শুধুমাত্র পাথর আমদানি চলমান থাকলেও সম্প্রতি শুকনো মরিচের পর শনিবার নতুন করে যোগ হলো আদা।
আদা আমদানিকারক প্রতিষ্ঠান মা ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. কামরুল ইসলাম বলেন, ভারতের মেঘালয় রাজ্যের ব্যবসায়ীদের কাছে ৯ টন আদা আমদানির জন্য এলসি করা হয়েছে। এর মধ্যে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে শনিবার দুই টন আদা আমদানি করেছি। সামনের সময়ে বাকি আদা পর্যায়ক্রমে আসবে।

নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, আদা আমদানি আমাদের জন্য একটা সুসংবাদ। আমরা চাই সবধরনের পন্য আমদানি রপ্তানির দ্বার খুলে দেওয়া হোক এ বন্দর দিয়ে।
এ ব্যাপারে নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, মা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে নাকুগাঁও বন্দর দিয়ে দুই টন আদা আমদানি করেছেন। এ বন্দর দিয়ে ব্যবসায়ীরা সকল বৈধপণ্য আমদানি করতে চাইলে সরকারিভাবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।









