শেরপুরে পঞ্চম শ্রেণির ৩ ছাত্রীকে বিলাই চিমটি বা বানরওলা ছিটিয়ে উত্যক্ত করায় ২ বখাটেকে আটক করেছে পুলিশ। ২৯ জানুয়ারি সোমবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার বয়রা পরানপুর গ্রামের মো. মজিবরের ছেলে ইব্রাহিম ও হাফিজ উদ্দিনের ছেলে আকাশ মিয়া। ওইসময় কালু মিয়ার ছেলে মোতালেব নামে আরেক বখাটে পালিয়ে গেছে বলে জানা গেছে। এদিকে ওই ঘটনায় অসুস্থ হয়ে পড়া ৩ শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষের বেঞ্চে স্থানীয় কয়েকজন বখাটে বিলাই চিমটি বা বানরওলা ছিটিয়ে রাখে। পরে ওই বেঞ্চে পঞ্চম শ্রেণির ছাত্রীরা বসলে একটু পরেই তাদের হাত-পা চুলকাতে থাকে। চুলকানির এক পর্যায়ে পঞ্চম শ্রেণির ৩ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সদর থানায় খবর দেওয়া হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিম ও আকাশ নামে ২ বখাটেকে আটক করে থানায় নিয়ে যায়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনাত জাহান বলেন, আহত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। এছাড়া আটককৃত বখাটেদের বিষয়ে শেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, ওই ঘটনায় ইতোমধ্যে ২ জনকে আটক করা হয়েছে। আরেকজনকে পুলিশ খুঁজছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।









