প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৯ বছর পর বৈঠকে বসতে যাচ্ছে পরিকল্পনা কমিশন। এর আগে, ২০১৫ সালের ২১ জানুয়ারি পরিকল্পনা কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ২৪ জানুয়ারি বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ওই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও পরিকল্পনা কমিশনের চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত থাকবেন কমিশনের বিকল্প চেয়ারপার্সন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভাইস চেয়ারপার্রন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং গভর্নর আব্দুর রউফ তালুকদার।
কমিশন সূত্র জানায়, এবারের বৈঠকে ৫টি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এগুলো হচ্ছে সরকারি বিনিয়োগের গতিধারা পর্যালোচনা, পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রক্ষেপণের সঙ্গে এডিপি বাস্তবায়নের বরাদ্দের অসামঞ্জস্যতা এবং সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াকরণ ও সংশোধন সংক্রান্ত নির্দেশিকা পরিমার্জন বা সংশোধন।
এছাড়া নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের অগ্রগতি এবং সেক্টর বা বিভাগভিত্তিক উল্লেখযোগ্য বিষয়াদিও পর্যালোচনা করা হবে।




















