শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কেটে উঠতে না উঠতেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রাক নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে। এ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে মাঠে নেমে পড়েছেন।

নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা আগাম মাঠে নেমে পড়েছেন। একইসাথে মাঠ চষে বেড়াচ্ছেন তারা। শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে নানান জল্পনা-কল্পনা। কার জেতার সম্ভাবনা আছে এ নিয়ে ভোটারদের মাঝেও চলছে চুল সেরা বিশ্লেষণ।
উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে ইচ্ছুক যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা, আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পদক এসএম আমিরুজ্জামান লেবু, উপজেলা যু্বলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিলন, জেলা পরিষদের সদস্য আবু তাহের, কাংশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনার উল্লাহ ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক।

ইতোমধ্যেই তারা তাদের নিজ নিজ ফেসবুকসহ নানাভাবে প্রার্থিতা জানান দিয়েছেন। কেউ কেউ আগাম জনসংযোগে মাঠে নেমেছেন।




