শেরপুরে কনকনে শীতের মধ্যে রাস্তার পাশে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেছেন স্থানীয় পৌর কাউন্সিলর বাবুল মিয়া ও স্থানীয় সামাজিক সংগঠন সোনার বাংলার নেতৃবৃন্দ।

২ জানুয়ারি মঙ্গলবার রাতে শহরের কালিগঞ্জ দমদমা মহল্লার সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, শেরপুর-শ্রীবরদী আঞ্চলিক মহাসড়কের দমদমা কালীগঞ্জ মহল্লায় দুইদিন ধরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৬০) পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই নারী সাধারণত রাস্তার পাশেই ঘুমিয়ে থাকেন। বিষয়টি সোনার বাংলা তরুণ সংঘের মাহিন আহমেদ বাপ্পীসহ নেতৃবৃন্দের নজরে আসলে তারা সংগঠনের উপদেষ্টা শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারকে অবহিত করেন। পরে রফিকুল ইসলাম আধারের পরামর্শক্রমে স্থানীয় কাউন্সিলর বাবুল মিয়ার সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ ব্যাপারে পৌর কাউন্সিলর বাবুল মিয়া বলেন, অজ্ঞাতনামা ওই নারীকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন। তবে তিনি নিজের পরিচয় বলতে পারেন না। তার স্বজনরা খোঁজ পেলে সদর হাসপাতালে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি।









