দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থীকে শেরপুর-১ (সদর) আসন ছেড়ে দেওয়া হয়েছে- একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এমন বিভ্রান্তিমূলক খবর গুজব আকারে ছড়িয়ে পড়েছে। ১৭ ডিসেম্বর রবিবার সকাল থেকে ওই খবর ছড়িয়ে পড়ে শেরপুর সদর নির্বাচনী এলাকাসহ খোদ জেলায়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ কেবল নানা মহলই নয়, সাধারণ মানুষের মাঝেও তোলপাড় সৃষ্টি হয়। অবশেষে আওয়ামী লীগের তরফ থেকে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া ২৫ আসনের তালিকাসমেত নির্বাচন কমিশন বরাবর পাঠানো পত্রে সেই খবর বিভ্রান্তিমূলক ও গুজব বলেই প্রতীয়মান হয়।

জানা যায়, রবিবার একটি বহুল প্রচারিত জাতীয় দৈনিকে ‘নৌকামুক্ত যে ২৬টি আসন পাচ্ছে জাতীয় পার্টি’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরে অন্যান্য ২৫টি আসনের সাথে শেরপুর-১ (সদর) আসনে জাপা প্রার্থী মাহমুদুল হক মনির নাম চূড়ান্ত এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিউর রহমান আতিককে প্রত্যাহার করার কথা বলা হয়।
এদিকে খবরটি সকাল সাড়ে ১০টার পর থেকে পাঠক মহলে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তা গুজব আকারে ছড়িয়ে পড়ে নানা মহল থেকে হাজার হাজার সাধারণ মানুষের মাঝেও। কেবল তাই নয়, ওই খবরে আনন্দে উদ্বেলিত হয়ে উঠে প্রতিদ্বন্দ্বি এক প্রার্থীর সর্মথক-নেতাকর্মীরা। তাদের তরফ থেকে শহর ও আদালত অঙ্গনসহ বিভিন্ন এলাকায় খবরটির ফটোকপিও বিলি করে।
অন্যদিকে দুপুর থেকে শ্যামলবাংলা২৪ডটকম’র তরফ থেকে ওই খবরটির সত্যতা অনুসন্ধান করতে গিয়ে দলীয় সূত্রসহ নানা দায়িত্বশীল সূত্রে জানা যায়, শনিবার রাত পর্যন্ত জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের আসনবণ্টন চূড়ান্ত হয়নি এবং রবিবার দুপুরে তা চূড়ান্তকরণের প্রক্রিয়া চলছে। অবশেষে বিকেল অব্দি জাপাকে পূর্বে ছেড়ে দেওয়া নারায়ণগঞ্জের একটিসহ ২৬টি আসন ছেড়ে দেওয়ারদ্ধিান্ত চূড়ান্ত হয়। সেইসাথে ওইসব আসনগুলোকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারে নির্বাচন কমিশনকে দেওয়া দলীয় সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা সাক্ষরিত পত্র গণমাধ্যমে পাঠানোর পর খবরটি বিভ্রান্তিমূলক বলেই প্রতীয়মান হয়। আর আসন ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানার পর শেরপুরের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহল ওই গুজবের ঘটনায় ধিক্কার প্রকাশ করছে।

এ ব্যাপারে শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আনোয়ারুল হাসান উৎপল শ্যামলবাংলা২৪ডটকম’কে জানান, একটি মহল শুরু থেকেই নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত বিভ্রান্তিমূলক খবরকে পুঁজি করে তারা গুজব ছড়িয়ে দেয়। অবশেষে তা মিথ্যা প্রমাণিত হওয়ায় মানুষ তাদের ধিক্কার জানাচ্ছে।









