শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশনের অসহায়ের সহায় কার্যক্রমের অংশ হিসেবে ১৭টি পরিবারের মধ্যে শিক্ষা, চিকিৎসা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ১৫ ডিসেম্বর শুক্রবার সকালে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি নৃ ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে সংগঠনটিকে আরও এগিয়ে নিতে জেলার বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

নৃ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নৃ ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক অ্যাডভোকেট সাখাওয়াত উল্লাহ তারা।
এদিন উপকারভোগীদের মধ্যে ৪টি সেলাই মেশিন, ১১টি শিক্ষাবৃত্তি, একটি চিকিৎসা সহায়তা, গৃহ নির্মাণের জন্য ৩ বান্ডিল টিন বিতরণ করা হয়।

ওইসময় নৃ ফাউন্ডেশনের উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খালিদ হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ, নৃ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আবু রায়হান রিপন, প্রতিষ্ঠাতা সদস্য আলামিন হোসেন রাকিব প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল হক জানান, অসহায় ও দরিদ্র মানুষের প্রয়োজন অনুযায়ী আমাদের সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করি। বিশেষ করে উচ্চশিক্ষায় সহযোগিতার ক্ষেত্রে আমাদের প্রাধান্যটা বেশি। এছাড়াও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৭ আগস্ট নৃ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত অসহায়ের সহায় কার্যক্রমের মাধ্যমে ১৮২টি পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়।









