শেরপুরের নকলা পৌরসভার ইশিবপুর মৌজায় আদালতে বিচারাধীন একটি বিতর্কিত জমিতে মামলায় অভিযুক্ত ব্যাক্তি কর্তৃক আদালতের আদেশ তোয়াক্কা না করে রাতের আধারে পাকা ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাদী পক্ষ। ১০ ডিসেম্বর রবিবার বিকেলে ইশিবপুর মৌজার জালপট্রিতে বিতর্কিত জমির পার্শ্বে সংবাদ সম্মেলনে বাদীগণের পক্ষে অভিযোগের বিষয়ে বক্তব্য রাখেন জালপট্রির মো. আব্দুছ সামাদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইশিবপুর মৌজার জালপট্রিতে ১০ (দশ) শতাংশ জমির বৈধ কাগজপত্র মূলে মালিকগণ শেরপুর সহকারী জজ আদালতে মামলা করেছেন। মামলায় অভিযুক্তদের মাঝে বিউটি বেগম ওরফে জাহানারা বেগম বিউটি নামে একজন রাতের আধারে পাকা ভবন নির্মাণ করায় বাদীপক্ষ ক্ষতিগ্রস্থ হবেন।
জাহানারা বেগম বিউটি জালপট্টি এলাকার বাসিন্দা ও জয়নাল হাজীর মেয়ে। তিনি নকলা উপজেলার ধুকুরিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে বিউটিকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করার পর সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। সংবাদ সম্মেলনে বাদীপক্ষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




