‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের তুলসীমালা ল্যাব এন্ড কম্পিউটার সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রৌশন রাকা শম্পা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ইলিয়াস মল্লিক, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা হোসনে আরা প্রমুখ।

ওইসময় জেলা ব্র্যাকের সমন্বয়কারী ফারহানা মিল্কীসহ জেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্টের সদস্যরা, বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি, শিক্ষক, প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিবন্ধীদের মাঝে ৫টি হুইল চেয়ার ও ২টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়।









