মুম্বাইয়ের গ্ল্যামার জগতে ২০ বছর পূর্ণ করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা ক্যাটরিনা আজ বলিউডের শীর্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নিজের দীর্ঘ ও সফল এই যাত্রায় অভিনেত্রী উপহার দিয়েছেন অসংখ্য হিট চলচ্চিত্র।

বলিউডে ২০ বছর পূর্তি উপলক্ষে পিটিআইয়ের সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের এই দীর্ঘ যাত্রা সম্পর্কে কথা বলেছেন ক্যাটরিনা কাইফ। সেখানে তিনি বলেছেন, বছরের পর বছর ধরে হিন্দি সিনেমায় আশ্চর্য যাত্রা তিনি উপভোগ করেছেন।
অভিনেত্রী আরো বলেছেন, তিনি সব সময় তার কাজ সম্পর্কে আবেগী ছিলেন, কারণ এটি তার পরিচয় হয়ে উঠেছে। তিনি অভিনয়কে একটি অত্যন্ত চাহিদাপূর্ণ ক্যারিয়ার বলে মনে করেন। এই ২০ বছর বলিউডে এমন অনেক চলচ্চিত্র রয়েছে, যা তাকে বেড়ে উঠতে সাহায্য করেছে। তিনি ‘নিউ ইয়র্ক’, ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘রাজনীতি’, ‘সিং ইজ কিং’, ‘নামাস্তে লন্ডন’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘জিরো’কে তার ক্যারিয়ারের প্রধান মাইলফলকগুলোর মধ্যে গণনা করেন বলেও জানিয়েছেন।

পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘আমি সত্যিই সৌভাগ্যবান। আমি একজন ছুটন্ত ব্যক্তি, আমি ক্রমাগত আমার চারপাশে চোখ রাখি। এটি স্বাভাবিক যে আপনি যদি খুব পরিশ্রমী এবং প্রতিযোগী ব্যক্তি হন, তবে আপনি কখনোই বিশ্রাম নেন না। আপনি সর্বদা নিজেকে ঠেলে দিচ্ছেন কাজের দিকে। আমিও সেটাই করেছি।
এখানে আমাকে অনেক কিছু দেওয়া হয়েছে এবং আমি এসব অর্জনও করেছি। কখনো কখনো আমি নিজেকে মনে করিয়ে দিই সেই মুহূর্তগুলো উপলব্ধি করার জন্য। এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল, যার জন্য আমি খুব কৃতজ্ঞ।’
৪০ বছর বয়সী এই অভিনেত্রী ক্যারিয়ারের শুরুতে মডেলিং দিয়েই নিজের যাত্রা শুরু করেন। ২০০৩ সালে ‘বুম’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ক্যাটরিনা। এরপর ‘নামাস্তে লন্ডন’, ‘পার্টনার’, ‘ওয়েলকাম’ এবং ‘সিং ইজ কিং’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে ঈর্ষণীয় ফিল্মোগ্রাফি তৈরি করেন। মূলত সালমান খানের হাত ধরে বলিউডে নিজের পরিচিতি গড়লেও অক্ষয় কুমারের সঙ্গে একের পর এক জুটি বেঁধে দারুণ সব হিট চলচ্চিত্র উপহার দেন অভিনেত্রী।
তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘টাইগার ৩’, যেখানে সালমান খান এবং ইমরান হাশমির সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে। সিনেমাটি ৯ দিনে বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি আয় করেছে। এটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং প্রযোজনায় রয়েছে যশ রাজ ফিল্মস। সামনে অভিনেত্রীকে দেখা যাবে বিজয় সেতুপাতির সঙ্গে ‘মেরি ক্রিস্টমাস’ চলচ্চিত্রে। এ ছাড়া প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের সঙ্গে করবেন ‘জি লে জারা’।
ব্যক্তিজীবনে অভিনেত্রী ২০২১ সালে বিয়ে করেছেন অভিনেতা ভিকি কৌশলকে। সূত্র : পিটিআই
























