শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর জেলা কার্যালয়ের ভবন নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন শেষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পিবিআই প্রধান (অতিরিক্ত আইজিপি) বনজ কুমার মজুমদার বিপিএম-বার, পিপিএম।

১ নভেম্বর বুধবার সকালে শহরের পশ্চিম শেরী এলাকায় অধিগ্রহণকৃত জায়গায় ওই বৃক্ষরোপণ করেন তিনি। ওইসময় তিনি একটি বকুল গাছ ও একটি লিচু গাছের চারা রোপণ করেন। একইদিন আরও ১২টি আম গাছের চারা রোপণ করা হয়।
ওইসময় পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুলিশের কোন জমি যাতে পতিত না থাকে, সেই অনুযায়ী প্রতিটি জায়গায় বৃক্ষ রোপণের মাধ্যমে মাটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে।

বৃক্ষরোপণকালে পিবিআই প্রধানের সাথে তার সহধর্মিনী ডা. জয়া মল্লিক, পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, তার সহধর্মিনী সুমাইয়া মোস্তফাসহ শেরপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম এম সালাউদ্দিন শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, পিবিআইয়ের শেরপুর জেলা কার্যালয়ের ভবন নির্মাণের জন্য অধিগ্রহণকৃত ০.৭৫ একর জায়গা পরিদর্শন শেষে সেখানে বৃক্ষরোপণের উদ্বোধন করেছেন।









