সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী ও কুমারী পূজা আজ রবিবার। রাজধানীর রামকৃষ্ণ মিশনসহ দেশের বেশ কয়েকটি স্থানে মহাঅষ্টমীর দিনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার লক্ষ্য। আজ ২২ অক্টোবর সকালে নির্দিষ্ট কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হবে। ফুলের মালা, চন্দন ও নানান অলংকার-প্রসাধন উপাচারে নিপুণ সাজে সাজানো হবে কুমারীকে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকানুযায়ী আজ সকাল ৯ টা ৫৮ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহাষ্টম্যাদি বিহিত পূজা শুরু হবে। বেলা ১১টায় মহাষ্টমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। সন্ধিপূজা ৫ টা২৪ থেকে ৬.১২ মধ্যে অনুষ্ঠিত হবে।
শনিবার ছিল মহাসপ্তমী। সকালে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা। সপ্তমী পূজা উপলক্ষে সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, রামায়ণ পালাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টা ৫০ মিনিট থেকে রাত ৭ টা ৫১ পর্যন্ত দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়।

রাজধানীসহ সারা দেশে হিন্দু-ধর্মাবলম্বীরা পূজামণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা-অর্চনার মাধ্যমে মহাসপ্তমী উদ্যাপন করেন। সপ্তমীর সকালে পূজার শুরুতেই দেবী দুর্গার প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে স্নান করানো হয়। এরপর করা হয় নবপত্রিকা স্থাপন। নবপত্রিকার আরেক নাম হলো কলা বৌ স্নান। এ ছাড়া দেবীর চক্ষুদানের মাধ্যমে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয়।
হিন্দু শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন। অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা। আবির্ভূত হওয়ার পর দেবী দুর্গা আসুরিক শক্তিকে বিনাশ করে ত্রি-ভুবন রক্ষা করেন। এ কারণে দুর্গা কখনো দুর্গতিনাশিনী, কখনো সংকটনাশিনী।
পঞ্জিকা অনুযায়ী, এ বছর মা দুর্গা ঘোড়ায় চড়ে আগমন করেছেন। ঘোড়ায় চড়ে গমন (প্রস্থান) করবেন। দেবীর আগমন ও বিদায় একই বাহনে হলে তা অশুভ ইঙ্গিত। এতে প্রাকৃতিক বিপর্যয়, রোগ-শোক, হানাহানি-মারামারি বেড়ে যেতে পারে। তবে ৫ দিনের পূজার প্রার্থনা থাকবে সকল অশুভের বিনাশ। আগামী ২৪ অক্টোবর মহাদশমীতে প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেশে এ বছর দুর্গাপূজা হবে ৩২ হাজার ৪০৮টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।
এদিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সকল মণ্ডপে শুক্রবার সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে মহাষষ্ঠী ও সপ্তমী পূজা। সকালে ষষ্ঠাদি কল্পারম্ভ এবং সন্ধ্যায় বোধন আমন্ত্রণ ও অধিবাস এবং ষষ্ঠী পুজা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে ছিল পুষ্পাঞ্জলি, আরতি ও প্রসাদ বিতরণ। সকাল থেকেই চণ্ডিপাঠে মুখরিত ছিল দেশের সকল মন্ডপ। ঢাকের বাদ্য আর শঙ্খের ধ্বনীতে ভিন্ন মাত্রার যোগ হয়। সকালে ভক্তদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বিকেল থেকে ভিড় বাড়তে থাকে। রামকৃষ্ণ মিশনে এ উপলক্ষে সারাদিন পূজাঅর্চনা ও ভক্তিমূলক সঙ্গীতের আয়োজন।




















