শেরপুরে আগামীকাল থেকে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য শারদীয় সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত ওই শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

ওইসময় তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে শেরপুরে সব মহলের সহযোগিতা নিয়ে প্রতি বছরের মত এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এজন্য জেলা পুলিশ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। একইসাথে সকল পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শহরের নরসিংহ জিউর মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের নিউমার্কেট মোড়ে কিছুক্ষণ অবস্থান করে। ওইসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের তরুণীরা তাদের নিজ নিজ সম্প্রদায়ের সংস্কৃতিকে তুলে ধরে নৃত্য পরিবেশন করেন।

র্যালি শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানুর নিজস্ব তহবিল থেকে হিন্দু সম্প্রদায়ের এক হাজার মানুষের মাঝে চাল-ডালসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টচার্য, সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, জেলা পরিষদ সদস্য ফারহানা পারভীন মুন্নী, যুব ঐক্য পরিষদের সভাপতি শান্ত রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।









