সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন । ১৮ অক্টোবর বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই মত বিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। ওইসময় তিনি বলেন, আগে আপনারা কেউ এতো সুবিধা পান নাই। বর্তমান সরকার আপনাদের বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে। আপনারা বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু পাতাসহ নানাভাবে সহায়তা পাচ্ছেন। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুবিধাভোগী পরিবারদের মধ্যে চারজন করে ভোট দিলে নৌকা বিজয় হবে। কারণ প্রত্যেক পরিবার কোনো না কোনোভাবে সুবিধা পাচ্ছেন। এই সুবিধা ধরে রাখতে চাইলে নৌকাকে আবারো বিজয় করতে হবে। আগামী ২০৪০ সালের মধ্যে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ। পরে তিনি সুবিধাভোগীদের মাঝে ঢেউটিন, কৃষকদের মাঝে গম, সরিষা ও ভুট্টার বীজ বিতরণ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কেটে স্মৃতিচারণ করেন তিনি।

গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ছালেম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম তালুকদার ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো, আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার লোক ও সুবিধাভোগীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




