শেরপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের মাদকবিরোধী যৌথ অভিযানে এক মাদক বিক্রেতা ও এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে। ১৫ অক্টোবর রবিবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের ওই কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলো পৌর শহরের চাপাতলী মহল্লার মৃত হামিজ উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৫) ও ঢাকলহাটী মহল্লার মৃত কালাম উদ্দিনের ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে পম (৪২)।

জানা যায়, শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ রবিবার দুপুরে পৌর শহরের চাপাতলী ও ঢাকলহাটী মহল্লায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালায়। ওইসময় চাপাতলী মহল্লা থেকে মাদক বিক্রেতা মো. শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএমএ মুনির ভ্রাম্যমাণ আদালতে ওই মাদক বিক্রেতাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অপরদিকে একই দিন দুপুরে পৌরসভার ঢাকলহাটী মহল্লায় অভিযান চালিয়ে হেরোইন সেবনকালে মো. শহিদুল ইসলাম পমকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একইদিন বিকেলে সাজা পরোয়ানামূলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।









