ঢাকার অভিজাত বিউটি পার্লারের মতো থাকছে সব ধরনের সুবিধা
শেরপুরে রাজধানী ঢাকার মতো সুযোগ-সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে অত্যাধুনিক বিউটি পার্লার “সেবা’স বিউটি ব্লিস”। ২০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট এলাকার দ্বিতীয় গেটের কাজল কমপ্লেক্সের দুতলায় জমকালো সাজ-সজ্জায় ওই বিউটি পার্লারের উদ্বোধন করেন পৌর লেডিস ক্লাবের সভাপতি, মেয়র পত্নী শাহিনা আক্তার পারভীন। ওইসময় তিনি বলেন, অত্যাধুনিক এ পার্লারটি শেরপুরে এক নতুন মাত্রা যোগ করবে। এখানে রাজধানী ঢাকার অভিজাত বিউটি পার্লারগুলোর মতো সব ধরনের সেবা গ্রহণের সুযোগ থাকছে। এজন্য তিনি উদ্যোক্তা সিরাজুম সেবাকে ধন্যবাদ দিয়ে পার্লারটির সাফল্য কামনা করেন।

বিউটি পার্লারটির স্বত্বাধিকারী সিরাজুম সেবার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গার্লিগাল বুটিক হাউজের স্বত্বাধিকারী ইসরাত জাহান যুথী, বিউটি পার্লারের সিইও রোজিনা ইয়াসমিন লাইলি, মিসেস লোপা, জুলি, আরিফা প্রমুখ। এরপর পার্লারটির উদ্বোধন উপলক্ষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।
জানা গেছে, নান্দনিক কারুকাজ ও বিস্তৃত জায়গায় সর্ম্পূণ শীতাতপ নিয়ন্ত্রিত ওই বিউটি পার্লারটিতে থাকছে নারীদের আধুনিক ও অনন্য রূপচর্চার সব ধরনের সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে ব্রাইডাল মেকওভার, আকদ মেকওভার, পার্টি মেকওভার, প্যারাফিন, ক্রিস্টাল পেডিকিউর-মেনিকিউর, থ্রেডিং, আইব্রোস, ওয়াক্স, ফেয়ার পলিশ, হোয়াইটেনিং ফেসিয়াল, বডি স্পা, ম্যাসাজ, হেয়ার স্পা, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার কাট, হেয়ার কালার, হেয়ার রিবন্ডিং, হেয়ার স্মুথিং-কেরাটিন, শাইনবন্ড, ডিপ শাইন, ব্রাজিলিয়ান ব্লো আউট, কেরাবন্ড, লরিয়াল এক্সটেনশো ইত্যাদি। এছাড়া আরও অনেক ধরনের মানসম্মত আধুনিক রূপচর্চার সার্ভিস থাকবে বিউটি পার্লারটিতে।

অভিজাত পরিবারের গৃহিণী ও নারী উদ্যোক্তা মিসেস লোপা পার্লারটি সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আধুনিকতার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া আমাদের শেরপুর শহরে এমন একটি অত্যাধুনিক ও মানসম্পন্ন পার্লারের অভাব ছিল। এটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজ সেই অভাব পূরণ হলো। এর মধ্যদিয়ে নারীরা আধুনিক রূপচর্চায় সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। একই কথা জানান জুলি, আরিফাসহ আগত বেশ কয়েকজন নারী।
এ ব্যাপারে সেবা’স বিউটি ব্লিসের স্বত্বাধিকারী সিরাজুম সেবা শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, সব নারীরাই সাজতে পছন্দ করেন। একজন নারীর সাজগোজের ভেতরেই তার রুচিবোধ ও ব্যক্তিত্ব ফুটে উঠে। তবে অনেক ক্ষেত্রেই মানসম্মত বিউটি পার্লারের অভাবে তারা মনমতো সাজগোজ করতে পারেন না। তাই আমরা গ্রাহকদের চাহিদা এবং সন্তুষ্টির কথা ভেবে শেরপুরে অভিজাত ও মনোরম পরিবেশ এবং উন্নত প্রযুক্তির সব ধরনের ইক্যুইপমেন্ট নিয়ে এসেছি। একইসাথে রাজধানী ঢাকার অভিজ্ঞ বিউটিশিয়ানরা এখানে কাজ করবেন। এজন্য শতভাগ নিখুঁত কাজের নিশ্চয়তা পাবেন গ্রাহকরা।









