শেরপুরের শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করা হয়েছে। ৩০ আগস্ট বুধবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বেসরকারি সংস্থা মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোলা বিডি-০৪২৪ এর আয়োজনে অফিস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ওই মশারি বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের ম্যানেজার সুলভ রিছিল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান। তিনি বলেন, প্রত্যেক শিশুর অভিভাবক যাতে মশারি ব্যবহার করে। শিশুরা যাতে মশা থেকে সুরক্ষিত থাকে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা।

প্রকল্পের কর্মী জীবন ম্রংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকাল সেক্টর কমিটির চেয়ারম্যান ক্লেনসন থিগিদি। এ সময় ৩১৫ জন শিশুর মাঝে একটি করে মশারি বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে শিশুদের অভিভাবকদের জন্য দুই মাসব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান। ওইসময় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪ এর কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিশুসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।




