শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ইয়া নবী (৬৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে থানা পুলিশ। পরে তাকে ২৮ আগস্ট সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত ইয়া নবীর বাড়ি ভারতের পশ্চিম বাংলার শিলিগুড়ি জেলায়। তারা বাবার নাম মৃত সওদাগর।

জানা যায়, ভারতীয় নাগরিক ইয়া নবী প্রায় ৫-৬ মাস আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন মাজারে ঘোরাঘুরি করে আসছিলেন। তবে ঘোরাঘুরি শেষে অবস্থান করতেন ভারতের মেঘালয় সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের শাহ্ সেকান্দর আলী মাজারে।
সর্বশেষ গত রবিবার বিষয়টি বাংলাদেশের গোয়েন্দা বিভাগের নজরে এলে ঝিনাইগাতী থানা পুলিশ তাকে আটক করে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে আদালতে পাঠালে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া।









