শেরপুরের নালিতাবাড়ীতে শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক প্রশিক্ষণ ও নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর আয়োজনে ২৭ আগস্ট রবিবার দিনব্যাপি শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়৷

সনাক,নালিতাবাড়ীর সভাপতি সাদরুল আহসান মাসুমের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন টিআইবি’র সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম। পরে ইয়েস, এসিজি ও সনাক সদস্যদের নিয়ে লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক নালিতাবাড়ীর সহসভাপতি আব্দুল ফাত্তাহ, সদস্য মশিউর রহমান, আমিনুল ইসলাম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, ইয়েসের সাবেক দলনেতা অভিজিৎ সাহা, অমা রাণী দেবসেন, ইয়েস দলনেতা ইবাদ মোল্লা, এসিজি সদস্য আল আমিন প্রমুখ।

পরে উপস্থিত ইয়েস, এসিজি ও সনাক সদস্যসহ শতাধিক তরুণ-তরুণীকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান সনাকের সাবেক সভাপতি এনায়েত আলী। পরে বিকেলে ইয়েস, এসিজি ও সনাক সদস্যদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




