শেরপুরের পল্লীতে শত্রুতার জের ধরে সাড়ে ৪ বিঘা জমির চিচিঙ্গা গাছের গোড়া কর্তনের ঘটনা ঘটেছে। শনিবার রাতে সদর উপজেলার বলাইচর ইউনিয়নের বলাইচর গ্রামে স্থানীয় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য কৃষক জালাল উদ্দিনের ক্ষেতে ওই ঘটনা ঘটে। এতে তার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। অন্যদিকে শত্রুতার বর্হিপ্রকাশ সবজি ক্ষেতে ঘটায় জনমনে প্রশ্ন উঠেছে, এ কেমন শত্রুতা!

জানা যায়, কৃষক জালাল উদ্দিন এবার তার সাড়ে ৪ বিঘা জমিতে প্রায় ৮০ হাজার টাকা খরচ করে চিচিঙ্গার আবাদ করেছিলেন। সবেমাত্র পরিপক্ক হতে শুরু করেছিল চিচিঙ্গা। এক সপ্তাহের মধ্যে পাইকারি বাজারে চিচিঙ্গা বিক্রি করার স্বপ্ন দেখছিলেন জালাল উদ্দিন। প্রতিদিনের মতো তিনি ২৭ আগস্ট রবিবার ভোরে চিচিঙ্গা ক্ষেতের ফাঁকে ফাঁকে নিজেদের খাওয়ার জন্য রোপণ করা লাউ শাক তুলতে যান। কিন্তু ক্ষেতের কাছেই গিয়ে দেখেন সর্বনাশ হয়ে গেছে তার। কে বা কারা কোন শত্রুতার জেরে প্রতিটি চিচিঙ্গা গাছের গোড়া কেটে দিয়েছে।
জালাল উদ্দিন তার চিচিঙ্গা গাছের এমন অবস্থা দেখে চিৎকার শুরু করলে ছুটে আসেন তার স্ত্রী, পুত্র ও স্থানীয় পাড়া-প্রতিবেশী। সবাই এসে গাছের হাল দেখে কান্নায় ভেঙে পড়ে। গ্রামের মানুষও আফসোস আর ধিক্কার জানাতে থাকে সবজি গাছের সাথে শত্রুতা দেখে।

এদিকে জালাল উদ্দিন তার স্বপ্নের চিচিঙ্গা ক্ষেত বিনষ্ট হওয়ায় চোখে-মুখে এখন অন্ধকার দেখছেন। কারণ এ সবজি বিক্রি করে তার ঋণ শোধ করা কথা। কিন্তু অদৃশ্য শত্রু তার সে স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। এখন প্রশাসনের কাছে বিচার চেয়ে আইনের আশ্রয় নেয়ার কথা জানান তিনি। সরেজমিনে গেলে জালাল উদ্দিন জানান, আমার বিরাট সর্বনাশ হয়ে গেলো। আমার ঋণ শোধ করবো কীভাবে তাই ভাবছি। আমি সন্দেহও করতে পারছি না কে এ কাজ করেছে। আমি এ বিষয়ে থানায় মামলা করব। এদিকে তার স্ত্রী ও সন্তানরাও হতাশ হয়ে পড়েছে তাদের সংসারের খরচসহ অন্যান্য কাজ সারবে কিভাবে।
গ্রামবাসী জানায়, শত্রুতা আছে মানুষের সঙ্গে। ফসলের সঙ্গে এমন কাজ করা খুবই ন্যাক্কারজনক। তারা ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এ ব্যাপারে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ড. সুকল্প দাস জানান, সবজি ক্ষেতের সঙ্গে শত্রুতার বিষয়টি খুবই জঘন্য একটি কাজ। বিষয়টি আমি খতিয়ে দেখব। এছাড়া ওই কৃষককে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন তিনি।









