শেরপুরের নালিতাবাড়ীতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে(১১) ধর্ষণের অভিযোগ উঠেছে ফিরোজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ২৩ আগস্ট বুধবার উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামে এ ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়। পরে ২৬ আগস্ট শনিবার ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর পিতা।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সকালে ভুক্তভোগীর পিতা চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে যান। ভুক্তভোগীর মা পেটের দায়ে ঢাকার এক বাসায় আগে থেকেই ঝিয়ের কাজ করেন। এদিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে বেলা ১১টার দিকে বাড়িতে প্রবেশ করে একই এলাকার কৃষক ফিরোজ মিয়া। ওইসময় ঘরে একা পেয়ে ভুক্তভোগী ওই শিশুকে জোরপূর্বক বিছানায় ফেলে ধর্ষণ করতে থাকে ফিরোজ মিয়া। একই সময়ে স্থানীয় দুলাল মিয়া নামের এক ব্যক্তি ঘরে প্রবেশ করে ঘটনা দেখে ফেলেন। পরে দ্রুত অভিযুক্ত ফিরোজ পালিয়ে যায়।
এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর শিশুটির বাবা-মা বাড়ি এলে বিষয়টি স্থানীয়ভাবে আপোষের চেষ্টা চলে। একপর্যায়ে শনিবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত ফিরোজকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।




