শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে ফয়জুল্লাহ মন্ডল (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত কৃষক ফয়জুল্লাহ ওই এলাকার মৃত জবেদ উল্ল্যাহ মন্ডলের ছেলে। আর আহতরা হলেন একই এলাকার মৃত জিয়ার উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন ও মো. জাকির হোসেনের ছেলে মো. মুকুল মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফয়জুল্লাহ মন্ডল, জাকির হোসেন ও মুকুল মিয়া তাদের বাড়ির পাশে ধান ক্ষেতে ধানের আগাছা পরিস্কার করতে থাকে। ওইসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতে তারা ৩ জনই অজ্ঞান হয়ে যান। পরে আশপাশের লোকজন এসে আহতদের মাথায় পানি ঢালতে থাকে।

এক পযার্য়ে জাকির হোসেন ও মুকুল মিয়ার জ্ঞান ফিরে। এদিকে ফয়জুল্লাহ মন্ডলের জ্ঞান না ফেরায় তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




