জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট রবিবার দুপুরে শেরপুর সরকারি শিশু পরিবার (এতিমখানা) মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও শামছুন্নাহার কামাল, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, ইউপি চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন ও সেলিম রেজা প্রমুখ।
ওইসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে কুমার ভানু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ।

পরে কোরআনখানি ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে এতিমখানার শিশু ও আমন্ত্রিতদের উন্নত খাবার খাওয়ান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।









