শেরপুরে বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট শনিবার সকালে সদর উপজেলার বলাইয়েচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামে ওই ঘটনা ঘটে।

মৃত মামুন ওই এলাকার ছোবহান আলীর পুত্র ও এক সন্তানের জনক। ওই ঘটনায় মহর উদ্দিন (৪০) নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
জানা যায়, মামুন পড়াশোনা শেষ করে বাবার সংসার দেখাশোনা করতো। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশের নিজেদের বৈদ্যুতিক সেচ পাম্প চালু করার জন্য যান। পূর্ব থেকেই পাম্পটির সুইচ বিদ্যুতায়িত হয়ে ছিল।

ওই সময় মামুন সেচপাম্পটি চালুর জন্য সুইচে চাপ দিতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাকে উদ্ধার করতে গিয়ে মহর উদ্দিন (৪০) নামের অপর আরেক ব্যক্তি আহত হয়েছেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় নিহত মামুনের লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।









