শেরপুরে বিচার বিভাগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজের সভাপতিত্বে মূল আলোচনায় অংশ নেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা ও জেলা জজ আদালতের জিপি এ্যাডভোকেট আবুল কাশেম।
যুগ্ম জেলা ও দায়রা জজ ইসমেত জিহানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ল্যান্ড লার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) মাহবুব আলী মুয়াদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারিন ফারজানা ও মো. শরিফুল ইসলাম খান, সহকারী জজ জাহিদা ইয়াসমিন, প্রশাসনিক কর্মকর্তা আবু ফাত্তাহ মো. শফিকুল ইসলাম, সিজেএম আদালতের নাজির মো. সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু বিষয়ক স্বরচিত কবিতা পাঠ করেন সিজেএম আদালতের জারীকারক মো. আব্দুল আলিম।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জেলা ও দায়রা আদালত ভবন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে যুগ্ম জেলা জজ-১ এসএম মাসুদ জামান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছালামত উল্লাহসহ জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল পর্যায়ের বিচারকগণসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এরপর বিচার বিভাগের তরফ থেকে শহরের পূর্বশেরী এলাকার একটি এতিমখানায় অসহায় ও দুস্থ শিশুদের খাবার পরিবেশন করা হয়।









