শেরপুরের ঝিনাইগাতীতে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ১৬ আগস্ট বুধবার উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ ও সিনিয়র সহকারি পরিচালক সুলতানা লাইলী তাসনীম।
ওইসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, ফিল্ড এসিস্ট্যান্ট গোলাপ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ৮টি নির্বাচিত জলাশয়ে ২৭৬ কেজি ৯২৫গ্রাম বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। অবমুক্তকরণ জলাশয়গুলো হচ্ছে, উপজেলা পরিষদ পুকুর-১,২ ও ৩, থানা পুকুর, কান্দুলী আশ্রয়ন প্রকল্পের পুকুর, রাংটিয়া ভুমি অফিস সংলগ্ন পুকুর, ভারুয়া গুচ্ছগ্রাম পুকুর এবং কাটাখালিখাল জলাশয়। পোনামাছের মধ্যে ছিল, রুই, কাতলা, মৃগেল, কালবাউস ও ঘনিয়া।




