শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ আগস্ট বুধবার বিকেলে নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুরের আয়োজনে উপজেলার রাংটিয়া আদর্শ গ্রামের মাঠে সাংস্কৃতিক প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা ও প্রীতি খেলাধুলা অনুষ্ঠিত হয়।

আদিবাসী দিবসে বীরমুক্তিযোদ্ধা গোবিন্দ্র চন্দ্র বর্মণ ও বীরমুক্তিযোদ্ধা মতিনাল বর্মণ নামে দু”জন মুক্তিযোদ্ধাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়।
বাংলাদেশ কোচ, আদিবাসী ইউনিয়নের শেরপুর জেলা শাখা ও ঝিনাইগাতী হাজং সমাজ কল্যাণ সংগঠনের সহযোগিতায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের শেরপুর জেলা শাখার সভাপতি রুয়েল কোচ। স্বাগত বক্তব্য রাখেন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ।

জনউদ্যোগের সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল এবং বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন কোচের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরিফুর রহমান, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, কমিউনিস্ট পার্টির নেতা সোলায়মান আহমেদ, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা, সিনিয়র সাংবাদিক রফিক মজিদ, নাসরিন নাহার ও আদিবাসী নেতা যুগল কিশোর কোচ প্রমুখ।
বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার দাবি তুলে ধরেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সহভাগী ছিল প্রিপ, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যাড ডেভেলপমেন্ট (আইইডি) পিলাচ, এসআইএল বাংলাদেশ, শেরপুর জেলা হাজং কল্যাণ সমিতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কোচ ও আদিবাসী সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক।




