শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কদমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

১৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কদমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৫ জন শিক্ষার্থীর মাঝে ২০০ মি.লি করে তরল দুধ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ।এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো.ফয়জুর রহমান, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন মো. আবু সাঈম। উদ্ধোধন শেষে শিক্ষার্থীদের মাঝে দুধের প্যাক বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. আবু সাঈম জানান, এটা পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার একটি স্কুলকে নেওয়া হয়েছে। ছুটির দিন ব্যতিত স্কুলে প্রতিদিন শিক্ষার্থীদের মাঝে এই দুধ বিতরণ করা হবে। দুই বছর ধরে এই কার্যক্রম চলবে।









